বিপিএলে প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারছিল না রাজশাহী ওয়ারিয়র্স। তবে শেষ দিকে টর্নেডো ব্যাটিংয়ে ১৫ বলে ৩২ রান করেছেন আবদুল গাফফার সাকলাইন।
মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম রয়্যালস। দুই ওপেনার সাহিবজাদা ফারহান এবং তানজিদ হাসান তামিম মিলে তোলেন ৩০ রান। ১৯ বলে ২১ রান তোলেন ফারহান।
পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৭ রান তোলে রাজশাহী ওয়ারিয়র্স। ওপেনার তানজিদ হাসান তামিম এক প্রান্ত ধরে রেখে খেলে গেছেন। আরেক প্রান্তে ব্যাটাররা চালিয়েছেন আসা-যাওয়ার মিছিল। ১১ বলে ৮ রান করে বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। চারে নেমে মুশফিকুর রহিম মেরেছেন গোল্ডেন ডাক। ১০ বলে ৩ রান করেন আকবর আলী। তানজিদ ৩৭ বলে ৪১ রান করে দলের ৮২ রানের মাথাতে থেমেছেন।
সুবিধা করতে পারেননি জিমি নিশাম এবং রায়ান বার্লরাও। ত্রাতা হিসেবে চলে আসেন আবদুল গাফফার সাকলাইন। ৩ ছক্কার সাথে ২ চারে ১৫ বলে ৩২ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেছেন সাকলাইন। এছাড়া রিপন মণ্ডল ৮ বলে ১০ রান করেছেন। ২০ ওভারের খেলা শেষে ১৩৩ রান তুলে অলআউট হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
চট্টগ্রামের হয়ে জোড়া উইকেট শিকার করেছেন শেখ মেহেদী হাসান এবং আমের জামাল।