টালিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তীর সঙ্গে দুর্ব্যবহার, মঞ্চ থেকে নামিয়ে দেওয়া এবং পুলিশি তদন্তে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতারের পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনুষ্ঠানের অন্যতম আয়োজককারী তনয় শাস্ত্রী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তবে অসুস্থ শরীরেও তার আচরণে অনুতাপের লেশমাত্র নেই। হাসপাতালের বেডে শুয়েই মিমি চক্রবর্তীকে ‘ছেড়ে দেবেন না’ বলে হুমকি দেন তনয় শাস্ত্রী।
অন্যদিকে তনয় শাস্ত্রীর সেই হুমকিকে বিশেষ কোনো গুরুত্ব দিতে নারাজ মিমি চক্রবর্তী। তিনি বলেন, একজন মানুষকে যতটা গুরুত্ব বা ফুটেজ দেওয়া উচিত নয়, আমরা ইতোমধ্যে তার চেয়েও বেশি দিয়ে ফেলেছি।
জানা গেছে, গত রোববার বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের পরিচালনায় একটি বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেখানে রাত সাড়ে ১০টার দিকে তার অনুষ্ঠানের সময় নির্ধারিত থাকলেও অভিযোগ ওঠে— অভিনেত্রী প্রায় এক ঘণ্টা দেরিতে পৌঁছান। মঞ্চে উঠতে উঠতে সময় গড়িয়ে পৌনে ১২টা হয়ে যায়। প্রশাসনের নির্দেশ অনুযায়ী, অনুষ্ঠান চলার অনুমতি ছিল রাত ১২টা পর্যন্ত। সে কারণে তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে ক্লাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এ ঘটনার পর বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন মিমি চক্রবর্তী। অভিযোগে বলা হয়েছে— অনুষ্ঠান চলাকালীন ক্লাবের কর্মকর্তা তনয় শাস্ত্রী আচমকাই মঞ্চে উঠে পড়েন এবং তার গান বন্ধ করে তাকে নামিয়ে দেওয়া হয়। এতে অপমানিত ও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন অভিনেত্রী।